শেরপুর পৌরসভা ও ইউনিয়ন পরিষদের রিক্সা, অটো রিক্সা অতিরিক্ত লাইসেন্সের মূল্য বৃদ্ধি প্রত্যাহার, লাইসেন্সের সংখ্যা বৃদ্ধি করে কর্মস্থানের ব্যবস্থা, অটো রিক্সার সর্বনিম্ন ভাড়া বৃদ্ধিকরণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ আগস্ট) সকালে শহরের নিউমার্কেট মোড়ে সদর উপজেলা রিক্সা ও রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-ময়মন ৫৫) এর আয়োজনে ওই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সোলাইমান আহমেদ, সংগঠনের উপদেষ্টা জুলহাস উদ্দিনের, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
ওইসময় বক্তারা বলেন, শেরপুর পৌরসভা, ইউনিয়ন পরিষদ কর্তৃক ব্যাটারিচালিত রিক্সা ও অটোরিক্স লাইসেন্সের জন্য যে মূল্য বৃদ্ধি করা হয়েছে তা কিছু কমিয়ে আনতে হবে এবং লাইসেন্সের সংখ্যা বৃদ্ধি করতে হবে। তারা আরও বলেন, যাত্রী ভাইদের কাছে অনুরোধ যেখানে অটোরিক্সা ভাড়া ৫ টাকা সেখানে ১০ টাকা দিতে হবে। আমরা শ্রমিকেরা বিলাসী জীবন চাই না, পরিবার পরিজন নিয়ে দু’মুঠো খাবার খেয়ে বাচঁতে চাই, আমাদের কথা চিন্তা করে আমাদের রুটি-রোজগার করে বাঁচার সুযোগ দিন। এছাড়াও শ্রমিকেরা যাতে হয়রাণী ও নির্যাতনের শিকার না হয় এজন্য সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।




