শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে ফাতেমাতুজ্জহুরা নামে ১৬ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। ১৩ আগস্ট শনিবার সকালে উপজেলার জানকিখিলা এলাকায় ওই ঘটনা ঘটে। ফাতেমাতুজ্জহুরা ওই এলাকার আব্দুল কুদ্দুসের মেয়ে। ওই ঘটনায় নিহতের পরিবারে নেমেছে শোকের ছায়া।

জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে বাড়ির উঠানে হাঁটাচলা ও খেলা করছিল শিশু ফাতেমাতুজ্জহুরা। ওইসময় সবার অজান্তে হাঁটতে হাঁটতে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পূর্ব পাশে থাকা পুকুরের পানি থেকে সকাল ৮টার দিকে ফাতেমাতুজ্জহুরার লাশ উদ্ধার করে স্বজনরা।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।




