আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নিকট নগদ অর্থ ও চাল হস্তান্তর করা হয়েছে। ১৩ আগস্ট শনিবার সকালে চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ওই চাল ও নগদ টাকা হস্তান্তর করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।

ওইসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল-মামুন, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. আওলাদুল ইসলাম আওলাদসহ উপজেলা ও শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে স্টল তৈরি করে গরিব-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হবে। এ লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।




