মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবন থেকে আমাদের নারীরা অনুসরণীয় শিক্ষা নিতে পারে বলে অভিমত পোষণ করেছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। তিনি ৮ আগস্ট সোমবার দুপুরে বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত কর্মক্ষম, দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন ও চেক এবং স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।

হুইপ আতিক বলেন, বঙ্গমাতা বাংলাদেশের স্বাধীনতা অধিকার আদায়ের সংগ্রামের বিভিন্ন অধ্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে দেশ স্বাধীনতা লাভ করে। আর ওই লড়াই-সংগ্রাম ও আন্দোলনের নেপথ্য প্রেরণাদাত্রী ছিলেন বঙ্গমাতা। তিনি বঙ্গবন্ধুর গোটা রাজনৈতিক জীবন ও আদর্শকে ছায়ার মত অনুসরণ করে তার প্রতিটি কাজে প্রেরণার উৎস হয়ে ছিলেন। বঙ্গবন্ধুর কারাবন্দি সময়কালিন বিভিন্ন দিক নির্দেশনা নেতা-কর্মীদের মাঝে পৌঁছে দিয়ে লড়াই-সংগ্রাম চালিয়ে যেতে অনুপ্রেরণা জোগাতেন।
এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন ও পদক প্রদানের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের পর আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

ওইসময় অন্যান্যের মধ্যে বিদায়ী পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সায়েদ এজেড মোর্শেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, সিভিল সার্জন অনুপম ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত পৌর মেয়র নজরুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. লুৎফুল কবীর।









