পাঠদান ও চিকিৎসা সেবা ব্যাহত

শেরপুরের ঝিনাইগাতীর চেঙ্গুঁরিয়া আনছার আলী উচ্চ বিদ্যালয় ও ক্লিনিকের মাঠ দখল করে প্রায় এক যুগ ধরে চলছে গরু-ছাগলের হাট। অন্যদিকে বিদ্যালয়ের মাঠের পাশেই রয়েছে একটি কমিউনিটি ক্লিনিক। ওই ক্লিনিকের মাঠেও ইজারাদার হাট বসায়। এতে করে শিক্ষার্থী ও চিকিৎসা সেবা নিতে আসা মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ওই হাট অন্যত্র স্থাপনের জন্য অনেক আন্দোলন-সংগ্রাম করলেও কোন ফল পাননি।
জানা যায়, ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ওই হাট ইজারা দেন। তাই মুখ বন্ধ স্থানীয় জনপ্রতিনিধিদের। তারা প্রশাসনের সাথে সম্পর্ক খারাপ করতে চান না। ফলে বছরের পর বছর ধরে গরু-ছাগল ও মানুষের মল-মূত্রের গন্ধ সহ্য করে শিক্ষকরা পাঠ দান করে যাচ্ছেন। হাটের কারণে ব্যাহত হচ্ছে পাঠদান ও চিকিৎসা সেবা।
সরেজমিন গিয়ে দেখা যায়- বেলা ১১-১২টার মধ্যে বিভিন্নস্থান থেকে ওই স্কুল মাঠে এসে ভিড় করছে গরু- মহিষ, ছাগল ভেড়া, মুরগী-হাঁস ও কবুতরসহ নানা পশু-পাখি। দুপুর দেড়টার মধ্যে স্কুল ও ক্লিনিকের মাঠে রমরমা হাট বসে পড়ে। যেহেতু হাট বসবে তাই বেলা ১২টার মধ্যেই শিক্ষকরা পাঠদান এবং ক্লিনিকে চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়। কারণ শিক্ষার্থী ও রোগীরা যেকোন সময় বিপদে পড়ে যেতে পারে। হাট শুরু হলে দেখা যায় গরু-ছাগলের পাশাপাশি হাটে আসা লোকজন বিদ্যালয় ভবন ও ক্লিনিকের সামনে- পিছনে মল-মূত্র ত্যাগ করছে। বাজারে আসা একে শ্রেণীর লোক বিদ্যালয় ভবনের বারান্দায় ঢুকে ধূমপান করছে- আড্ডা দিচ্ছে। সব মিলিয়ে এক এলাহি কান্ড চলে চেঙ্গুরিয়া স্কুল মাঠে। সোমবার (৮ আগস্ট) সকালে বিদ্যালয়ে এসেছিল দশম শ্রেণীর ছাত্রী সাথী। দুটো ক্লাস শেষ করে সে বাড়ী ফিরে যাচ্ছে। আগামী বৃহস্পতিবারও সে স্কুলে আসবে না। সকাল সকাল বাড়ী ফিরে যাওয়া এবং স্কুলে না আসার কারণ জানতে চাইলে তার ভাষ্য “ হাট শুরু হলে গরু- ছাগল ও লোকজনের শব্দে ক্লাসে থাকা যায় না। তাছাড়া গরু-ছাগল দৌড়-ঝাপ পাড়তে থাকে। হাটে আসা লোকজন যেখানে সেখানে ধূমপান ও মলমূত্র ত্যাগ করে। এসব দেখতে ভাল লাগে না। সে আরও বলে, হাটের পরদিন দুর্গন্ধে ওয়াশরূম ও শ্রেণীকক্ষে বসে থাকা অসম্ভব হয়ে পড়ে। তাই দু’দিন আমাদের স্কুলের শিক্ষক- শিক্ষার্থীদের খুব কষ্ট হয়।
ওই এলাকার বাসিন্দা আসমা বেগম (৪৫) বলেন)- আমি অসুস্থ মানুষ। প্রায় প্রতিদিন ক্লিনিকে যেতে হয়। কিন্তু বুধবার হাট শুরু হলে ক্লিনিকে যাওয়া হয় না। এত গরু- ছাগল উঠে যে ভিড় ঠেলে ক্লিনিকে যাওয়া খুব কঠিন হয়। তিনি বলেন-বুধবার ইস্কুল- ক্লিনিক সকালেই বন্ধ হয়ে যায়। ওইদিন ছেলেরাও স্কুল মাঠে খেলতে পারে না।
হাট বসানোর ফলে চিকিৎসা সেবা দিতে কোন অসুবিধা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে চেঙ্গুরিয়া কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ( সিএইচসিপি) আল-আমিন বলেন, প্রায় সাড়ে ১০ বছর ধরে আমি এ ক্লিনিকে সেবা দেই। প্রতিদিন শতাধিক মানুষ ডায়াবেটিক টেস্টসহ নানা সেবা নিতে আসেন। কিন্তু গরু-ছাগলের হাটের জন্য বুধবার ও বৃহস্পতিবার আমরা ভীষণ বিপদে পড়ি। আমাদের ক্লিনিকের সামনে গরুর মলমূত্রের স্তুপ করে রাখা হয়। রোগীরা এসে দুর্গন্ধে বসতে পারেন না। হাটে আসা লোকজন যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে। এ ব্যাপারে অনেক বলেছি। কিন্ত কেউ কর্ণপাত করেন না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী বলেন, অনেক আন্দোলন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ডসহ অনেকের কাছে আবেদন নিবেদন করেছি। কিন্তু কোন কাজে আসেনি। গরু-ছাগলের হাটের জন্য বিদ্যালয়ে ৭০০ শিক্ষার্থী বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছে।
হাটের ইজারাদার আরিফ হোসেন বলেন, স্কুলের সামনে বাজারের জায়গা আছে। উপজেলা প্রশাসন তাই ইজারা দিয়েছেন। এর বাইরে আমরা স্কুলের মাঠ ব্যবহার করি। সেজন্য পরিস্কার-পরিচ্ছন্ন যৎ সমান্য টাকা স্কুল কর্তৃপক্ষকে দেই।
এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কমল উদ্দিন বলেন – ইজারাদার আমাদের প্রতিবছর ৫০ হাজার টাকা দেন। আমরা নিতে চাইনি। তারা পরিস্কার পরিচ্ছন্ন করার জন্য নিতে বাধ্য করেন। তিনি বলেন- গরু-ছাগলের হাটের জন্য আমাদের পাঠদানে অনেক ক্ষতি হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে বসে থাকতে পারেন না। আমরা উপজেলা প্রশাসনকে বলেছি আমাদের ফান্ডে টাকা আছে। প্রয়োজনে জায়গা কেনার টাকা দেবো। তবু বাজারটি অন্যস্থানে সরিয়ে নেওয়া হউক।
মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকের সম্মতিতে হাট বসে। তার ভাষ্য- স্কুলের পাশে বাজারের কিছু জমি আছে। উপজেলা প্রশাসন বছরে এ হাট থেকে ৩৫- ৪০ লাখ টাকা রাজস্ব পায়। ফলে তারা একটু নিরবতা পালন করে।
এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, স্কুলের সামনে বাজারের ২৫-২৬ শতক জায়গা আছে। আমরা সেই জায়গা ইজারা দিয়েছি। হাট বসলে গরু-ছাগল স্কুল মাঠে চলে যায়। এটা একটা সমস্যা। তিনি আরও বলেন, আমরা ইজারাদারের সাথে কথা বলে সেখানে একটি ওয়াশ ব্লক করে দেবো। যাতে পরিবেশ ঠিক থাকে।










