ঘটনা ধামাচাপা দেওয়ার পাঁয়তারা

শেরপুরের নালিতাবাড়ি ইকোপার্কে ফের ধর্ষণের মত পৈশাচিক ঘটনা ঘটেছে। এবার ওই পার্কে ভাগ্নিকে বেড়াতে নিয়ে ধর্ষনের অভিযোগ উঠেছে আব্দুর রশিদ (৪২) নামে এক খালুর বিরুদ্ধে। আব্দুর রশিদ ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের পুর্বজারুলতলা গ্রামের হুরমুজ আলীর ছেলে। ২ আগষ্ট মঙ্গলবার রাতে ওই ঘটনাটি ঘটে। তবে ৭ আগস্ট রবিবার পর্যন্ত ৫ দিনেও ওই ঘটনায় থানায় কোন মামলা হয়নি। অভিযোগ উঠেছে, ঘটনাটি খালু-ভাগ্নির মধ্যে ঘটায় তা নিজেরাই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
জানা যায়, আব্দুর রশিদের শ্যালিকার ঘরের সদ্য বিবাহিত (১৭) বছর বয়সী এক যুবতী নিজ বাড়ি জামালপুর সদর উপজেলার চান্দাপাড়া থেকে ঘটনার ২ দিন পুর্বে তার খালু আব্দুর রশিদের বাড়িতে বেড়াতে আসে। আব্দুর রশিদ ওই যুবতীর শুধু আপন খালুই নয়, তার বিয়ের উকিল বাবাও। মঙ্গলবার বিকেলে আব্দুর রশিদ ওই যুবতী কন্যাকে পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে বেড়াতে নিয়ে যায়। সেখানে নানা অজুহাতে রাত পর্যন্ত রাখা হয় ওই যুবতীকে। রাতে আব্দুর রশিদ ওই যুবতীকে জোরপূর্বক ধর্ষণ করে। ওইসময় মধুটিলা ইকোপার্ক এলাকার সাবেক ইউপি সদস্য মোঃ ফারুক মিয়ার নেতৃত্বে স্থানীয়রা তাদের আটক করে বেঁধে রাখে।
ইউপি সদস্য ফারুক মিয়া জানান, পরে খবর পেয়ে জারুলতলা গ্রামের ইউপি সদস্য মোঃ মমিন মিয়া, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ছোরহাব আলী ওই গ্রামের বিল্লাল হোসেন দরবেশ আলীসহ অন্যান্যরা ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠ বিচারের আশ্বাস দিয়ে আটককৃত আব্দুর রশিদ ও যুবতীকে ছাড়িয়ে নিয়ে যায়। কিন্তু পরে এ ঘটনার আর কোন বিচার হয়নি। অভিযোগ রয়েছে ইউপি সদস্য মমিন মিয়ার নেতৃত্বে স্থানীয় একটি কুচক্রি মহল মোটা অংকের অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার পাঁয়তারা করে আসছে। এ বিষয়কে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী এ বিষয়ে বিচারের দাবি জানিয়েছেন।
অন্যদিকে ইতোমধ্যেই আব্দুর রশিদের স্ত্রী লিপি আক্তার ওই যুবতীকে অন্যত্র লুকিয়ে রেখেছেন বলে তথ্য পাওয়া গেছে। ওই ধর্ষিতা যুবতীর বিষয়ে তার খালা লিপি আক্তারের কাছে জানাতে চাওয়া হলে তিনি বলেন ওই যুবতী আমার ভাগ্নি হয়। তাকে কোথায় রাখা হয়েছে তা বলা যাবে না। আর অভিযোগের বিষয়ে আব্দুর রশিদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ধর্ষণের অভিযোগ সত্য নয়। সন্দেহ করে আমাকে বেঁধে রাখা হয়েছিল। স্থানীয় ইউপি সদস্য মমিন মিয়া লেখালেখি না করতে অনুরোধ জানান।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া রবিবার জানান, ঘটনাটি ঘটেছে নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে। তাছাড়া কেউ অভিযোগ না করায় আইনগত ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।




