শেরপুরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । ২৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ হলরুমে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক হুমায়ুন কবীর রুমান বলেন, ইউপি সদস্যরা স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে থাকেন। স্থানীয় যেকোন বিষয় তাদের কাছেই আগে আসে। তাই ইউপি সদস্যদের যেকোন সমস্যা ও প্রয়োজনে আমরা সবসময় পাশে আছি।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস আই শাহীন সাফওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার মোঃ মিজানুর রহমান মিজানেরর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. বায়োজিদ হাসান, নারীনেত্রী ফারহানা পারভীন মুন্নি, চরমোচারিয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম সাব্বির আহমেদ খোকন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সম্রাট প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের তৃণমূলের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ ও নিবিড় ভাবে যোগাযোগ ইউনিয়ন পরিষদের সদস্যদের। তাই তাদের যেকোনো প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। আমরা আমাদের যেকোন যৌক্তিক দাবী নিয়ে দেশ ও দশের কল্যাণে কাজ করে যেতে চাই।
সম্মেলনে শেরপুর সদর উপজেলার ১৪ ইউনিয়নের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।




