শেরপুরের নকলায় অসুস্থ পুত্রবধূকে দেখতে আসার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে নারজিনা আক্তার (৫০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ২৭ জুলাই বুধবার রাতে গণপদ্দী ইউনিয়নের গণপদ্দী বাজারে ঢাকা-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নারজিনা বানেশ্বর্দী ইউনিয়নের বানেশ্বর্দী গ্রামের মৃত মিরাজ আলীর স্ত্রী।

নারজিনার ছেলে নাঈম মিয়া (৩০) জানান, গণপদ্দী এলাকায় শ্বশুরবাড়িতে আমার অসুস্থ স্ত্রীকে দেখতে আসার পথে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে শেরপুরগামী সোনার বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মোট্রো-ব ১২-০৩৩৯) আমার মাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নকলা থানার সহকারি পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে বাসটি আটক এবং দূর্ঘটনাস্থল থেকে নারজিনার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। তবে পরিবারের পক্ষ থেকে মামলা করতে রাজি না হওয়ায় আবেদনের প্রেক্ষিতে নারজিনার মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




