শেরপুরের নকলায় পারিবারিক গোরস্থানে বিদ্যুতের অবৈধ সংযোগের তারে জড়িয়ে রোমান (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ২৬ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার গণপদ্দি ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় ওই ঘটনা ঘটে। রোমান ওই এলাকার আনসার আলীর পুত্র এবং কৃষ্ণপুর দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র ছিল।

জানা যায়, নকলা উপজেলার কৃষ্ণপুর এলাকায় জনৈক খৈয়মদের পারিবারিক কবরস্থানে পিডিবির অবৈধ সংযোগের মাধ্যমে বাতি জ্বালানো হচ্ছিল। মঙ্গলবার দুপুরে কবরস্থানের দেওয়ালে লোহার গ্রিল পূর্ব থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকায় রোমান বাড়ি থেকে ছাগল খুঁজতে বের হয়ে কবরস্থানের সেই দেওয়ালে হাত দিতেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়অ
উপজেলা পিডিবির প্রকৌশলী মো. ছোরহাব আলী জানান, ঘটনাটি শুনে লাইনম্যান রফিককে ঘটনাস্থলে পাঠিয়ে অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইস্কান্দার হাবিব বলেন, মৃত রোমানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




