শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তার বলেছেন, যে দেশের মানুষ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বানাতে পারে সে দেশের মানুষ ভূমিহীন-গৃহহীন থাকতে পারে না, রাস্তার পাশে ফুটপাতে বসবাস করতে পারে না, ভিক্ষা করতে পারে না। অন্ন, বস্ত্র বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। শেখ হাসিনা দেশের মানুষের এসব অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি ৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নকলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় লক্ষার্জিত উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।

তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে যাবে। সুতরাং এখন আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই। কেউ আমাদের পিছিয়ে রাখতেও পারবে না। আমাদের উচিৎ সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশকে কাঙ্খিত উন্নয়নের লক্ষে পৌঁছে দেওয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে যৌথসভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তোফায়েল আহমেদ, উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভুট্টো ও কামরুজ্জামান গেন্দু প্রমুখ।

সভায় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




