শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুন রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। ওইসময় তিনি বলেন, মাদকের ভয়াবহতার হাত থেকে ছাত্র ও যুব সমাজকে রক্ষা করতে হলে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই। তিনি আরো বলেন, কারন মাদক একটি দেশ ও জাতিকে ধ্বংস করে দেয়। দেশের আর্থসামাজিক উন্নয়নে মাদকের অপব্যবহার বাধার কারন হয়ে দাঁড়ায়। এজন্য বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি গ্রহন করেছে। আমাদের ছেলে-মেয়েরা যাতে করে মাদকের স্পর্শে না আসতে পারে এজন্য পরিবার থেকে মাদক বিরোধী সচেতনতা গড়ে তুলতে পারলে মাদকের আগ্রাসন থেকে আমরা দেশকে রক্ষা করতে পারবো।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টচার্য্য। স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. এনামুল হক।

এছাড়া বক্তব্য রাখেন শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আল-মাহমুদ, শেরপুর জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকগণ। বক্তব্য শেষে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ওইসময় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদ, শেরপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ, সাংবাদিক হামিদুর রহমান, শেরপুর মাদকদ্রব্য অধিদপ্তরের হিসাবরক্ষক মোঃ মাসেকুর রহমান, সহকারী প্রসিকিউটর মোঃ মিজানুর রহমান, সিপাই আশরাফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে ‘মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ স্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।




