শেরপুরের নালিতাবাড়ীতে ১৯০ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। ২৬ জুন রবিবার দুপুরে শহরের উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে উজ্জ্বল কম্পিউটার এবং লোকনাথ হেয়ার কাটিং সেলুন থেকে ওইসব মাদকসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে পৌর শহরের কাচারীপাড়া মহল্লার মধুসুদন রায়ের ছেলে সঞ্জয় রায় (২৪) ও পানেশ চন্দ্র শীলের ছেলে লোকনাথ চন্দ্র শীল (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর ১২টার দিকে নালিতাবাড়ী পৌর শহরের উত্তর বাজার উজ্জ্বল কম্পিউটারে অভিযান চালানো হয়। ওইসময় সঞ্জয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার স্বীকারোক্তি অনুযায়ী পাশেই থাকা একই মার্কেটের লোকনাথ হেয়ার কাটিং সেলুন থেকে বস্তা ও ব্যাগ ভর্তি ১৯০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ও ২৪ বোতল ৩৭৫ এমএল ভারতীয় রয়েল স্ট্যাগ হুইস্কি মদ জব্দ করা হয়। একই সাথে ঘটনায় জড়িত থাকার অভিযোগে লোকনাথ চন্দ্র শীলকেও আটক করা হয়।
স্থানীয়রা জানায়, ক্ষমতাধরদের ছত্রছায়ায় থেকে কম্পিউটার ব্যবসার আড়ালে সঞ্জয় রায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। তিনি ফেনসিডিলসহ বিদেশি মদের বড় ব্যবসায়ী।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী সঞ্জয় আগেও বিদেশি মদসহ পুলিশের হাতে ধরা পড়েছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আটক উভয়ের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।









