শেরপুরের শ্রীবরদীতে একটি মৎস্য প্রজেক্টের পুকুর থেকে রনি ওরফে জিব্রাইল (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৩ মে শুক্রবার সকালে উপজেলার মুন্সিপাড়ার কাজির প্রজেক্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রনি স্থানীয় হাবিবুর রহমানের ছেলে। তার স্ত্রী ও দুটি কন্যা সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে রনি লুঙ্গি নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরে শুক্রবার সকালে স্থানীয়রা রনির লাশ কাজির প্রজেক্টের পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




