শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে প্রায় ৪ হাজার ৮০০ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে। ১২ মে বৃহস্পতিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে সততা স্টোর ও নাজমুল এন্ড ব্রাদারসকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা ও শ্রীবরদী উপজেলার হাজী ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা এবং ওইসব ভোজ্যতেল জব্দ করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ ও সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি আভিযানিক দল উপজেলার তিনানী বাজারের সততা স্টোর ও নাজমুল এন্ড ব্রাদারস ব্যবসা প্রতিষ্ঠানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। ওইসময় ওই দুই প্রতিষ্ঠান থেকে প্রায় ৩ হাজার ৮০০ লিটার মজুদকৃত সয়াবিন জব্দ করা হয় এবং অবৈধভাবে মজুদ করার কারণে ভোক্তা অধিকার আইন লংঘনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
একইদিন অভিযানের অংশ হিসেবে শ্রীবরদীর পৌরশহর এলাকায় হাজী ট্রেডার্স নামে এক ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করা হয়। ওইসময় তাদের ২০ হাজার টাকা জরিমানা করেন শ্রীবরদী উপজেলার সহকারী কশিনার (ভূমি) আতাউর রহমান।




