শেরপুরে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ৬ মে শুক্রবার ভোরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৯টি দোকানের সমস্ত মালামাল পুড়ে অন্তত: ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস। ওইসময় হুইপ আতিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৬টার দিকে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারে আগুনের সূত্রপাত ঘটে। ধীরে ধীরে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিয়ে সহায়তা চাইলে প্রায় ৪০ মিনিট পর শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ও পাশ্ববর্তী জামালপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে স্বপন ইলেকট্রনিক্স, সীমান্ত মেডিকেল হল, মীম ডিপার্টমেন্টাল স্টোর, সোহা জুয়েলার্স, হিয়া টেলিকম, মীম টেলিকম ও রবিন এন্টারপ্রাইজসহ ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, অগ্নিকাণ্ডে আনুমানিক প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া এক কোটি ৩৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।




