বার কাউন্সিলের নেতাদের কাছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া ২০ কোটি টাকার প্রণোদনার চেক হস্তান্তর করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি রবিবার সচিবালয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বার কাউন্সিল নেতাদের কাছে চেক হস্তান্তর করেন।

ওইসময় তিনি বলেন, আইনজীবীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ কালে আইনজীবীদের দুরবস্থার কথা বিবেচনা করে তার ত্রাণ তহবিল থেকে ২০ কোটি টাকা মঞ্জুর করেছেন।
চেক গ্রহণ করেন বাংলাদশে বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন। চেক হস্তান্তর অনুষ্ঠানে সাবেক বার কাউন্সিল নেতা ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদলসহ বার কাউন্সিলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বার কাউন্সিলের নেতারা জানান, এই অর্থ কাউন্সিলের সদস্যদের কল্যাণে ব্যয় করা হবে। এর আগে কাউন্সিলের বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে আইনমন্ত্রী জানিয়েছিলেন, বার কাউন্সিল একটি নীতিমালা ঠিক করবেন, কীভাবে তারা অনুদানটি সারাদেশের আইনজীবীদের দেবেন। জাতীয় সংসদের গত বছরের চলমান অধিবেশনেও প্রধানমন্ত্রীর এ ঘোষণার কথা জানিয়েছেন মন্ত্রী।

























