‘ন্যাশনাল ইয়্যুথ ক্যারিয়ার কার্নিভাল-২০২১’ এর রাইজিং ইয়্যুথ এ্যাওয়ার্ড পেলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তরুণ শিক্ষার্থী ও উদ্যোক্তা স্বরূপ আমীন। ১৬ জানুয়ারি রবিবার ইয়্যুথ ক্যারিয়ার ইনস্টিটিউট এর আয়োজনে রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে ওই পদক তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ক্যারিয়ার কার্নিভালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ, ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ একাডেমির প্রকল্প পরিচালক মো. আলতাফ হোসেন, বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ আলমাস কবির প্রমুখ।
জানা যায়, নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা স্বরূপ আমিন বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তিনি ২০১৬ সাল থেকে ফ্রিল্যান্সিং এর কাজ করছেন। এতে তিনি স্বাবলম্বী হয়েছেন। এছাড়াও তিনি প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন। তিনি বর্তমানে ভিয়েতনাম এবং আমেরিকার যৌথ একটি কোম্পানির বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে কাজ করছেন। তিনি এখন পর্যন্ত প্রায় ৫ হাজার তরুণদের ফ্রিল্যান্সিং এর প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের পথ দেখিয়েছেন। এর এই অভূতপূর্ব সাফল্যের জন্যই মূলত তাকে এই পদক দেওয়া হয়।

এক প্রতিক্রিয়ায় স্বরূপ আমিন জানান, নিজ এলাকার পাশাপাশি দেশের শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে বেকারমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। এই এ্যাওয়ার্ডপ্রাপ্তি আমাকে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা যোগাবে।




