শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ৩০ বোতল বিদেশি মদসহ ফারুক আহমেদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ১৬ জানুয়ারি রবিবার সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ফারুক পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ডাকাবর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। সোমবার দুপুরে মাদক আইনের মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, রবিবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র্যাব সদস্যরা। ওইসময় ৩০ বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদসহ ফারুককে আটক করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

এ ব্যাপারে র্যাব-১৪ সিপিসি-১, জামালপুরের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, এ ঘটনায় ধৃত ফারুকের বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ফারুক দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গায় মদ বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।




