শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে একটি জীবিত তক্ষকসহ মো. সাইদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ১৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নন্নী ইউনিয়নের উত্তর বন (কর্নাডুরী) গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাইদুল ইসলাম উপজেলার সমশ্চুড়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে। শুক্রবার দুপুরে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের মামলায় সাইদুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল কান্তি সাহার নেতৃত্বে নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের উত্তর বন (কর্নাডুরী) গ্রামে অভিযান চালানো হয়।
ওইসময় একটি তক্ষকসহ অবৈধ তক্ষক ব্যবসায়ী সাইদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। আটক সাইদুলের ভাষ্যমতে, উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা হবে।

এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল কান্তি সাহা বলেন, আটক সাইদুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে দীর্ঘদিন যাবৎ শেরপুরের বিভিন্ন স্থানে বন্যপ্রাণীয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় র্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।




