শেরপুরের ঝিনাইগাতীতে ৩৪৫ পিস ইয়াবাসহ মো. শাকিল হাসান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ১৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের পাগলারমুখ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শাকিল উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে। শুক্রবার মাদক আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল কান্তি সাহার নেতৃত্বে ঝিনাইগাতী উপজেলার সুরিহারা গ্রামের পাগলারমুখ বাজারের পাকা রাস্তায় অভিযান চালানো হয়। ওইসময় ৩৪৫ পিস ইয়াবাসহ শাকিলকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৩ হাজার ৫শ টাকা।

এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল কান্তি সাহা বলেন, ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় র্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।




