শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কর্মীদের হামলায় উপজেলা ও শহর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন পণ্ড হয়েছে। ৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে পৌরশহরের গড়কান্দা এলাকায় সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হওয়ার পর ওই হামলার ঘটনা ঘটে। এতে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন স্থগিত করা হয়।

উপজেলা ও শহর বিএনপি সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৩ সালে সম্মেলনের মাধ্যমে নালিতাবাড়ী উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছিল। পরে প্রায় ১৮ বছর পর বৃহস্পতিবার দুপুরে সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনে নালিতাবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নুরুল আমিনের সভাপতিত্বে দুপুরে সম্মেলন উদ্বোধন করেন শেরপুর জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। ওইসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল চৌধুরী, শফিকুল ইসলাম মাসুদ, নালিতাবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইউনুস আলী,আবদুল্লাহ আবু সাঈদ, পৌর বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম তালুকদার প্রমুখ।

বিকেলে প্রথম অধিবেশন শেষ হওয়ার পর একদল যুবক অতর্কিত চেয়ার ভাঙচুর ও চেয়ার ছোড়াছুড়ি করে। এতে সম্মেলন স্থলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ওইসময় জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ কমিটি ঘোষণা না দিয়েই সভাস্থল ত্যাগ করেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন পন্ড হয়ে যায়। পরবর্তীতে জেলায় সম্মেলন সম্পন্ন হবে বলে জানা যায়।
এ ব্যাপারে উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন বলেন, দীর্ঘদিন পর উৎসব মুখর পরিবেশে সম্মেলন করার জন্য আমরা প্রস্তুত ছিলাম। সম্মেলনকে বাঞ্চাল করতেই একটি পক্ষ পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে। এমন ঘটনা দুঃখজনক।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুরুল আমীন বলেন, অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে জেলা কমিটির মাধ্যমে সম্মেলন সম্পন্ন হবে। কোন পক্ষের ষড়যন্ত্রে এই ঘটনা ঘটেছে কিনা তা এখনই বলতে পারছিনা। তবে বিশৃঙ্খলাকারীরা দলের কর্মী হয়ে থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।









