শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলহাজ্ব মো. জহুরুল হকের বিরুদ্ধে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর শনিবার দুপুরে কাংশা ইউনিয়নের গুরুচরণ দুধনই বাজারে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইউপি চেয়ারম্যান মো. জহুরুল হক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৫ নভেম্বর দেশের কয়েকটি গণমাধ্যমে আমার বিরুদ্ধে কিছু মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রেক্ষিতে খবর প্রকাশিত হয়েছে। সেই খবরগুলোতে আনা অভিযোগের কোন সত্যতা নেই। কে বা কারা আমার বিরুদ্ধে এসব মিথ্য অভিযোগ এনে পত্রিকার মাধ্যমে প্রকাশ করেছে তা আমি জানি না। তাই আমি এসব মিথ্যা বানোয়াট, ষড়যন্ত্র ও উদ্দেশ্যে প্রণোদিতমূলক খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য। সেনাবাহিনীর চাকরি থেকে অবসরে আসার পর আওয়ামী রাজনীতির সাথে জড়িয়ে পড়ি। পরে আমি কাংশা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পাই। এরপর ২০১৬ সালে ইউপি নির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মনোনয়ন পেয়ে বিপুল ভোটে জয়লাভ করি। এরপর থেকেই দলের ভেতরেই একটি মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা আগেও নৌকার বিরোধিতা করেছে, এবারও একইভাবে তাদের স্বার্থ হাসিল করতে চাচ্ছে।

সংবাদ সম্মেলনে স্থানীয় সমাজসেবক আলহাজ্ব মো. ছমির উদ্দিন সরকার, আব্দুল মুন্নাফ ও আওয়ামী লীগের নেতা-কর্মীগণসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




