‘সেবাই ধর্ম, সেবাই মহত্ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আমেরিকা প্রবাসী খন্দকার আবুল হাসান বাদলের উদ্যোগে বন্ধু মো. মাহবুব হোসেন এর জন্য নির্মিত বসতঘর উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর শনিবার দুপুরে শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীবাগ গ্রামে ওই বসতঘরটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

কৃষিবিদ সংগঠন এস.কে.ডি.আই (শেরপুর) এর ১ম, ২য় ও ৩য় ব্যাচের আয়োজনে ওই বসতঘরের ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রিয় স্থায়ী কমিটির সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল। ওইসময় তিনি বলেন, আমাদের সকলের বন্ধু মোঃ মাহবুব হোসেনের জন্য প্রবাসী বন্ধু যেভাবে হাত বাড়িয়ে দিয়েছেন এতে আমরা সকলেই চিরকৃতজ্ঞ। পাশাপাশি আমরা যারা কৃষিবিদ মাহবুব হোসেনের বন্ধু দেশে অবস্থান করছি, তার দুঃসময়ে তার পাশে থেকে সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিবো।
পরে জামালপুর উপ-সহকারী উদ্যান কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শফী উল্লাহ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সহকারি প্রকল্প পরিচালক মো. জিয়াউল রহমান খান, শেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা, ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আশরাফ হোসাইন (ইকবাল), চরশেরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আসাদুজ্জামান (দুলাল), বর্তমান চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন সুরুজ ও নবনির্বাচিত চেয়ারম্যান মো. সেলিম রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকার সবুজবাগ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবুল হোসেন খান। আলোচনা সভা শেষে নির্মিত ঘরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে লায়ন মো. গনি মিয়া বাবুলকে জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সভাপতি মো. আছাদুজ্জামান মোরাদ, সাধারণ সম্পাদক জিএইচ হান্নান ও সদস্য মো. হামিদুর রহমান।




