বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, এ দেশকে, দেশের মানুষকে দুঃশাসন মুক্ত করতে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা ও রাজনীতির পথকে যদি উদ্বুদ্ধ করতে চাই, গণআন্দোলনের কোন বিকল্প নেই। আন্দোলনের মাধ্যমেই এ দুঃশাসনের অবসান ঘটাতে হবে। তিনি ২৩ অক্টোবর শনিবার বিকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আহমদনগর এলাকাস্থ ডাঃ সেরাজুল হক টেকনিক্যাল এ্যান্ড কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউটের মাঠে উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সারা বাংলাদেশের নেতা, বিভিন্ন বুদ্ধিজীবিদের সাথে কথা বলে দলের আগামী দিনের করণীয় নির্ধারণ করছেন। সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবি, পেশাজীবি সকলে এক বাক্যে বলেছেন, গণ আন্দোলন ছাড়া, কোন বিকল্প নেই। তাই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সবাইকে গণআন্দোলনের প্রস্তুতি নেয়ার আহবান জানান তিনি।
কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুছ ছালাম। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেজ আলী মামুন, শেরপুর জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী।

সভায় আরও বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মো. গোলাম মোস্তফা শামীম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্ল্যাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মেহেদী হাসান মামুন, মহিলা দলের সভানেত্রী জীবুন্নেছা হক কোহিনুর, কৃষক দলের আহ্বায়ক মো. সুলতান মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোহাগ রানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান।
কর্মী সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পরে আগামী দুই দিনের মধ্যে পুনরায় আহ্বায়ক কমিটি গঠন করারও নির্দেশনা দেন তিনি।




