শেরপুরের নকলায় প্রায় আড়াই কেজি গাঁজাসহ আজিজুল হক (৪৮) নামে ২ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ২২ অক্টোবর শুক্রবার রাতে উপজেলার পাঁচকাহনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজিজুল স্থানীয় মৃত ইয়াদ আলীর পুত্র।

পুলিশ জানায়, আজিজুল হক একজন মাদক কারবারি। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। কিশোরগঞ্জের এক মাদক মামলায় আজিজুল হকের ২ বছরের সাজা হয়। এদিকে মাদক বেঁচাকেনা হবে এমন একটি সংবাদের ভিত্তিতে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে এসআই রাজীব ভৌমিক, এএসআই শামীম ও মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার পাঁচকাহনিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ।
পরে পাঁচকাহনিয়া এলাকার নবী হোসেনের একটি পরিত্যক্ত বাড়ির সামনে থেকে ২ কেজি ৪শ গ্রাম গ্রাাঁজাসহ আজিজুলকে গ্রেফতার করে। পরে জানা যায়, আজিজুল সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, আজিজুলের বিরুদ্ধে এর আগেও মাদক মামলা হয়েছে। আবার সে সাজাপ্রাপ্ত পলাতক আসামিও ছিল। শনিবার দুপুরে গ্রেফতার হওয়া আজিজুলকে আদালতে পাঠানো হয়েছে।




