শেরপুরের শ্রীবরদীতে সিএনজিচালিত অটোরিক্সা, ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশা, মিশুক গাড়ি ছিনতাই- প্রতারণা রোধে চালকদের সাথে বিট পুলিশিং ও সচেতনতামূলক মতবিনিময় সভা করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে শহরের বাস টার্মিনাল এলাকায় আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলী লাল ও বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী বীরপ্রতীক (বার)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল হাশিম, পৌর কাউন্সিলর শাজাহান কবীর, উপজেলা বাস চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কাশেম মেম্বার, উপজেলা সিএনজি চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মিয়া, উপজেলা ইজিবাইক সোসাইটির সভাপতি ডালিম মিয়া, প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক তারেক মো. আব্দুল্লাহ রানা।

অনুষ্ঠানে বিট পুলিশিং সদস্য, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









