বাংলাদেশ হদি-ক্ষত্রিয় কল্যাণ পরিষদ, শেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর শুক্রবার শহরের রঘুনাথ জিউর মন্দির প্রাঙ্গণে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে কণ্ঠভোটের মাধ্যমে রাজকুমার সিংহকে সভাপতি ও মিন্টু চন্দ্র বিশ^াসকে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদী শেরপুর জেলা শাখার ২৬ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটির সভাপতি লিটন দেব সেন। এ সময় তিনি হদি-ক্ষত্রিয় সম্প্রদায়ের উৎপত্তি, ইতিহাস, নিজস্ব কৃষ্টি-সংস্কৃতি এবং হদি-ক্ষত্রীয় বীর যোদ্ধাদের প্রসঙ্গ তুলে ধরেন। সেইসাথে তিনি হদি-ক্ষত্রিয়দের হারিয়ে যাওয়া কৃষ্টি-সংস্কৃতি নতুন প্রজন্মের মাঝে জাগরণ ঘটানোর তাগিদ দেন।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রিয় সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সিংহ, সাংগঠনিক সম্পাদক মিন্টু চন্দ্র বিশ্বাস, প্রচার সম্পাদক সুবাস বিশ্বাস, ধর্ম বিষয়ক সম্পাদক সুবোধ চন্দ্র বিশ্বাস জনউদ্যোগ আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ ঘোষ প্রমুখ। অতিথিরা তাদের বক্তব্যে দেশে পিছিয়ে পড়া নৃ-জাতিগোষ্ঠি হদি-ক্ষত্রীয় সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নয়ন, শিক্ষা ও ভুমিহীনদের আবাসন এবং নাগরিক অধিকার ও নিজস্ব কৃষ্টি-সংস্কৃতি সুরক্ষার ওপর আলোকপাত করেন। এজন্য তারা সরকার ও সমাজের বিভিন্ন জাতিগোষ্ঠির সহযোগিতা কামনা করেন।




