প্রাকৃতিক সৌন্দর্য আর ভ্রমণপিপাসুদের মুগ্ধ করতে শেরপুরের ঝিনাইগাতীর সীমান্তবর্তী গজনী অবকাশ কেন্দ্রে আধুনিক ডিজাইনে নির্মিত হচ্ছে ঝুলন্ত ব্রিজ ও ক্যাবল কার। ১ অক্টোবর শুক্রবার ওই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ।

নির্মাণকাজ উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদিন। ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবকাশ কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ, মিনি চিড়িয়াখানার ইজারাদার ফরিদ আহম্মেদ প্রমুখ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গজনী অবকাশকে দৃষ্টিনন্দন করতে এবং ভ্রমণপিপাসুদের আকর্ষণ বাড়াতে ৩০ লক্ষ টাকা ব্যয়ে ঝুলন্ত ব্রীজ ও ক্যাবল কার তৈরী করা হচ্ছে। আর এটি নির্মাণ করছেন সীমান্ত এন্টারপ্রাইজের ব্যানারে মিনি চিড়িয়াখানার ইজারাদার ফরিদ আহম্মেদ। এছাড়া আসছে মৌসুমকে সামনে রেখে অবকাশের সৌন্দর্য বাড়াতে নেয়া হচ্ছে নানা উদ্যোগ।




