শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে পলিথিনবিরোধী অভিযান চালিয়ে ৮শ কেজি পলিথিন উদ্ধার করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের একটি বাড়ি থেকে এসব পলিথিন উদ্ধার করা হয়। পরে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে পলিথিন ব্যবসায়ী মো. জুয়েল মিয়া (৩৩) কে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জুয়েল ওই এলাকার মৃত খয়বর আলীর ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার বিষ্ণুপুর গ্রামের পলিথিন ব্যবসায়ী মো. জুয়েল মিয়ার বসতবাড়িতে অভিযান চালায় এনএসআই, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। এ সময় ওই বাড়ির একটি ঘরে রক্ষিত ৮শ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. জয়নাল আবেদীন পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (২০১০) সালের ১৫ (১) ধারার ৪ (খ) ৬ (ক) ধারা লঙ্ঘনের দায়ে জুয়েল মিয়াকে দোষী সাব্যস্ত করে ২০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পারভেজ আহমেদ, পরিদর্শক নয়ন কুমার রায়, ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানাসহ এনএসআই সদস্য উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পারভেজ আহমেদ জানান, জুয়েল মিয়া দীর্ঘদিন থেকে বাড়িতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন রেখে ব্যবসা চালিয়ে আসছিল। উদ্ধারকৃত পলিথিনের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা হবে।




