আজ সালমান শাহ’র জন্মদিন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্ম নেওয়া তুমুল জনপ্রিয় এ সুপারস্টার চলচ্চিত্রে পা রাখেন ১৯৯৩ সালে। বেঁচে থাকলে অর্ধশতাব্দী পূর্ণ করে ৫০ বছরে পা রাখতেন বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ।
‘কেয়ামত থেকে কেয়ামত’ এর মা্ধ্যমে চলচ্চিত্রে আসা এ কিংবদন্তি অভিনেতা মাত্র তিনবছরেই একের পর এক সুপার ডুপার হিট চলচ্চিত্রের মধ্য দিয়ে মন জয় করেন কোটি দর্শকের।

তবে নিয়তি, হ্যাঁ, নিয়তি তো বটেই, ১৯৯৬ সালের এই সেপ্টেম্বর মাসেই না ফেরার দেশে পাড়ি দেন ক্ষণজন্মা এ অভিনেতা। ৯০ দশকের শ্রেষ্ঠতম নায়ক সালমানের প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন, যার ২৭টি চলচ্চিত্রের ভেতর বেশিরভাগই ছিল তুমুল জনপ্রিয় ও ব্যবসাসফল। তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে যে ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষত কি আদৌ পূরণ হওয়া সম্ভব।
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ইস্কাটনের বাসা থেকে আনন্দ অশ্রু, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের নায়কের মতো অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র উপহার দেওয়া গুণী এ অভিনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তুমুল জনপ্রিয় এ চিত্রনায়কের মৃত্যুর দুই যুগ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত মৃত্যুর কারণ রয়ে গেছে অজানাই। বিষয়টি মেনে নেয়নি, সালমান শাহ’র পরিবার। সালমান শাহ’র মায়ের আইনজীবীর দাবি, তাকে হত্যা করা হলেও, বিষয়টিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে।
যদিও গত বছর ফেব্রুয়ারিতে বাংলা সিনেমার জনপ্রিয় এ নায়ক আত্মহত্যা করেছিলেন বলে জানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনাটির তদন্তে ৪৪ জন সাক্ষীর জবানবন্দি নেয় পিবিআই। পুলিশের তদন্ত বিভাগের মতে, মাত্রাতিরিক্ত আবেগপ্রবণতা ও চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে তার অতিরিক্ত অন্তরঙ্গ সম্পর্ক আত্মহত্যার অন্যতম কারণ।
























