শেরপুরের নকলা পৌরসভার সাবেক মেয়র ও চন্দ্রকোনা কলেজের সাবেক সহকারী অধ্যাপক আলহাজ্ব মিজানুর রহমান মিজান (৬৫) আর নেই। করোনা আক্রান্ত হয়ে ১২ সেপ্টেম্বর রবিবার সকালে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এর আগে গত মাসের শেষদিকে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। তিনি নকলা পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র, সাবেক কুর্শবাদাগৌড় ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
তার মৃত্যুতে জেলা ও উপজেলা আওয়ামী লীগ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।









