শেরপুরের ঝিনাইগাতীতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে হারুন অর রশিদ (৩৭) নামে এক যুবক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া মালিঝিপাড় গ্রামে ওই ঘটনা ঘটে। দৃর্বুত্তরা হারুনকে নির্যাতন করে মৃত ভেবে চলে যাওয়ার প্রায় ৩ ঘন্টা পর গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। হারুন স্থানীয় মৃত হাবিবুর রহমানের ছেলে ও ৩ সন্তানের জনক। এদিকে উদ্ধারের পর থেকে হারুন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, শনিবার রাত ১১ টার দিকে সিএনজিযোগে ৪/৫জন ব্যক্তি ডিবি পুলিশের পরিচয় দিয়ে ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া মালিঝিপাড় এলাকার বাড়ি থেকে একসময়ের কাঁচামাল ব্যবসায়ী হারুনকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর তারা তাকে নালিতাবাড়ী উপজেলার নন্নী আমবাগান গুচ্ছগ্রামের কাছে হাত বেঁধে মুখে স্কচটেপ মেরে ও উলঙ্গ করে শরীরের নানা স্থানে আঘাত করে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। এর কিছুক্ষণ পর হারুন কোনমতে হামাগুড়ি দিয়ে রাস্তার উপরে উঠে এলে পথচারিরা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত হারুনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে হারুন সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সরোয়ার হোসেন জানান, হারুনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও সে ঠিকমতো কিছু বলতে পারছে না। তবে বিষয়টি আমরা খুবই গুরুত্বের সাথে নিয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।




