শেরপুরে নারী রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন নারী রক্তদান সংস্থার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় শহরের হরিজন পল্লীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অসহায় দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা, সংস্থাটির দ্বিতীয় প্রকাশনা দ্বিতীয় ফোঁটার মোড়ক উন্মোচন ও সংস্থাটির সদস্য ডা. আরনিকা রহমান প্রভার বিসিএস প্রাপ্তি উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়।

সংগঠনটির আহবায়ক পঞ্চমী দেব রুমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. শামীম হোসেন, ফেলো আবুল কালাম আজাদ, জেলা উদীচীর সভাপতি অধ্যাপক তপন সারোয়ার, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া, আঁচড়ের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম শাহীন, নারী উদ্যোক্তা আইরিন পারভীন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুপক, হরিজন পল্লীর সভাপতি নন্দ হরিজন, আইইডির ফেলো সুমন্ত বর্মণ, শুভংকর সাহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তিথি নন্দী।
উল্লেখ্য, নারী রক্তদান সংস্থা ১৫ জন সদস্য নিয়ে গত ২০১৭ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর সংস্থাটির মাধ্যমে জরুরী প্রয়োজনে দুই শতাধিক ব্যাগ রক্ত সংগ্রহ ও সরবরাহ করা হয়েছে। বর্তমানে সংস্থাটিতে তিন শতাধিক সদস্য স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োজিত রয়েছেন। শেরপুরের পাশাপাশি বগুড়াতেও সংস্থাটির আরো একটি শাখা উন্মুক্ত করা হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে সদস্যরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, জরুরী প্রয়োজনে রক্ত সংগ্রহ ও সরবরাহ এবং পুরুষের পাশাপাশি নারীদের রক্তদানে উদ্বুদ্ধ ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছে।




