শেরপুরে উৎসবমুখর পরিবেশে কেপিএল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শহরের দমদমা কালিগঞ্জ এলাকাস্থ মরহুম আবুল হাসেমের ইটভাটা মাঠে আয়োজিত ওই টুর্নামেন্টে বিজয় একাদশ ১-০ গোলে লাভলু একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

জানা যায়, খেলার প্রথমার্ধের মাঝামাঝি সময়ে জিহাদের গোলে এগিয়ে যায় বিজয় একাদশ। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে বেশ জমে ওঠে খেলাটি। সেই গোল আর পরিশোধ করতে না পারায় পরাজয় নিয়েই মাঠ ছাড়ে লাভলু একাদশ। খেলায় একটি গোল করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন বিজয় একাদশের ফরোয়ার্ড জিহাদ হোসেন। টুর্নামেন্টে ৩ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার জিতেন লাভলু একাদশের স্ট্রাইকার সাংবাদিক মইনুল হোসেন প্লাবন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি শেরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার। খেলায় পৌর কর্মচারী সংসদের সভাপতি ফারুক আহম্মেদ উদ্বোধক ও আলহাজ্ব হাসানুজ্জামান সিদ্দিকী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক জাকারিয়া মিসকিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী মাস্টার, ফরিদ উদ্দিন সরকার, মাছুদুল আলম সরকার, আলহাজ্ব মোখলেসুর রহমান সরকার, সুলতান মাহমুদ সুজন ও এডভোকেট তাজুমুল ইসলাম। খেলা পরিচালনা করেন শফিউল্লাহ মাস্টার।

ধারাভাষ্যে ছিলেন রফিকুল ইসলাম আকন্দ ও আতিকুর রহমান আতিক। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহিন সরকার, সমাজসেবক মতিউর রহমান তোতা, ইউসুফ আলী, এডভোকেট আক্রামুজ্জামান, এডভোকেট মোহাম্মদ আশরাফুজ্জামান, নূরে আলম সরকার, সাবেক খেলোয়াড় জামিল হোসেন সরকার, সোনার বাংলা যুব সংঘ’র প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান মুক্তা, সাধারণ সম্পাদক মনিহার হোসেন, প্রকৌশলী নূরন্নবী রুবেল, শিক্ষক মাহবুব হাসান রুবেল, সমাজসেবক মোকাম্মেল হক কুসুম, আরিফুল হক প্রমুখ।




