বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির আওতায় শেরপুরে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের ব্যবস্থাপনায় ও জেলা পুলিশের সহযোগিতায় চলমান জেলা পুলিশের নায়েক ও কনস্টেবলদের দক্ষতা উন্নয়ন কোর্সের প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন পরীক্ষা শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।

১০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত ওই সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী। ওইসময় তিনি প্রশিক্ষিত ও সুশৃঙ্খল পুলিশ বাহিনীর সদস্য হিসেবে জনগণের সেবায় পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মাহমুদ। ওইসময় পুলিশ পরিদর্শক (ইন-সার্ভিস) মো. আমিনুল ইসলাম, আরআই পুলিশ লাইন্স বিরাজ চন্দ্র সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




