শেরপুরের নালিতাবাড়ীতে ঝড়ের তাণ্ডবে রাস্তার পাশে লাগানো সরকারি গাছ বসতঘরের উপর পড়ে লন্ডভন্ড হয়ে গেছে। ১১ সেপ্টেম্বর শনিবার ভোররাতে উপজেলার মরিচপুরান ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে আকস্মিক ঝড়ে নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের রাবারড্যাম হয়ে ফকিরপাড়া সড়কে পাশে স্থানীয় ইলিয়াস খন্দকারের ছেলে রাসেল খন্দকারের একমাত্র চৌচালা টিনশেড ঘরের উপর একটি সরকারি গাছ পড়ে ঘরটি দ্বিখন্ডিত হয়ে যায়। ওইসময় বসত ঘরে থাকা ইলিয়াস খন্দকার, তার স্ত্রী ও ৪ বছরের নাতি সামান্য আহত হয়। বর্তমানে তাদের থাকার মত কোন ঘর নেই। শনিবার বিকেল পর্যন্ত গাছ সরাতে কোন ব্যবস্থা না নেওয়ায় বিপাকে রয়েছে পরিবারটি।

স্থানীয়রা জানান, রাসেল খন্দকার ঢাকায় একটি গার্মেন্টস কোম্পানিতে চাকরি করে অনেক কষ্টে প্রায় ২ লক্ষ টাকা খরচ করে ২০১৩ সালে ঘরটি নির্মাণ করেছিলেন। এটিই তার থাকার একমাত্র সম্বল ছিল। রাসেল সপরিবারে ঢাকা থাকলেও তার বৃদ্ধ পিতামাতা ও নাতি নিয়ে এই ঘরেই বসবাস করতেন।
ইলিয়াস খন্দকার বলেন, একমাত্র থাকার ঘরটি ভেঙ্গে যাওয়ায় আমরা অসহায় হয়ে গেছি। এখন কোথায় থাকব বুঝতে পারছি না।
এ ব্যাপারে মরিচপুরান ইউনিয়ন পরিষদের চেয়রম্যান খন্দকার শফিক বলেন, আমি ঘটনাটি শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।









