শেরপুরের নকলায় আঞ্চলিক মহাসড়কে ধান শুকাতে গিয়ে প্রাণ হারিয়েছেন সেকান্দর আলী সেগাম (৬৫) নামে এক কৃষক। ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের দক্ষিণ লাভা এলাকার নাকুগাঁও বাইপাস সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সেকান্দর আলী স্থানীয় মৃত আব্দুল কুদ্দুসের ছেলে এবং ৩ মেয়ে ও ১ ছেলে সন্তানের জনক।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নকলা দক্ষিণ লাভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নাকুগাঁও বাইপাস সড়কে ধান শুকাচ্ছিলেন সেকান্দর আলী। ওইসময় নালিতাবাড়ী থেকে ঢাকাগামী সিয়াম নামে একটি যাত্রীবাহী বাস তাকে পেছন থেকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা সেকান্দর আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, বাস চাপায় কৃষকের মৃত্যু ঘটনায় নকলা থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। সেইসাথে বাসটিকে ফুলপুর থানায় আটক করা হয়েছে।









