শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের ১৭ দিন পর বিল থেকে রুবেল মিয়া (১৭) নামে এক প্রতিবন্ধী শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার ঝিনাইগাতী সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামের কানী বিল থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রুবেল উপজেলার ধানশাইল ইউনিয়নের কান্দুলী গ্রামের নুরুল হকের ছেলে ও পাইকুড়া এ আর পি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে শারীরিক প্রতিবন্ধী ছিল। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন।

জানা গেছে, গত ১৯ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে রুবেল মিয়া বাড়ি থেকে পাইকুড়া বাজারের উদ্দেশে বের হয়। কিন্তু রাতে বাড়ি না ফেরায় রুবেলকে তার পরিবারের লোকজন বিভিন্ন স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। রুবেলের ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ ছিল। পরে গত ২৫ আগস্ট তার বাবা নুরুল হক ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে সোমবার সকালে ঝিনাইগাতী সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামের কানী বিলে এলাকাবাসী একটি লাশ দেখতে পায়। পরে থানা পুলিশকে খবরকে দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে ও রুবেলের পরিবার লাশটি রুবেলের বলে শনাক্ত করে।
এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে শেরপুরের সি.আই.ডি ও জামালপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দুইটি পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে কেউ তাকে হত্যা করে বিলে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




