অভিনেতা বিদ্যুৎ জামাল। তেলেগু ছবির মাধ্যমে শোবিজ যাত্রা করলেও এখন তিনি বলিউড অভিনেতা। আলোচনায় আসেন ‘কমান্ডো’ সিনেমায় অভিনয় করে। ছবিটির মাধ্যমে রাতারাতি জনপ্রিয় তারকাদের তালিকায় চলে যায় তার নাম। এবার এই তারকার বাগদান সারার গুঞ্জন উঠেছে বলিপাড়ায়। বলা হচ্ছে, ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাথানির সঙ্গে বাগদান সেরেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমে এখন তার বাগদান নিয়েই হচ্ছে চর্চা। এই চর্চা শুরু হয় সম্প্রতি প্রেমিকা নন্দিতার সঙ্গে তাজমহল ঘুরতে যাওয়া নিয়ে। প্রেমিকাকে নিয়ে তাজমহলে ঘুরাঘুরির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপরই তাদের বাগদানের গুঞ্জন উঠে। ভাইরাল হওয়া ছবিতে নন্দিতার অনামিকায় একটি বড় হীরার আংটি দেখা গেছে। ভক্তদের ধারণা, এটি এই জুটির বাগদানের আংটি।
ভারতীয় একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পাঁচ মাস আগে থেকে বিদ্যুৎ ও নন্দিতার প্রেমের সম্পর্ক। তিনদিন আগে বাগদান সেরেছেন তারা।
এর আগে অভিনেতা দিনো মরেয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন নন্দিতা। বেশ কয়েকবার তাদের ব্রেকআপ ও সম্পর্ক জোড়া লাগে। তবে শেষ পর্যন্ত সম্পর্ক থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নেন তারা। অন্যদিকে, দুই বছর ধরে মোনা সিংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন বিদ্যুৎ জামাল। কিন্তু তাদের সম্পর্কও টেকেনি।
তেলেগু ভাষার ‘শক্তি’ সিনেমার মাধ্যমে ২০১১ সালে রুপালি জগতে পা রাখেন বিদ্যুৎ। একই বছর বলিউডের ‘ফোর্স’ সিনেমায় অভিনয় করেন। ‘কমান্ডো’ ছাড়াও ‘জঙ্গলি’, ‘খুদা হাফিজ’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন ।

























