শেরপুরের শ্রীবরদীর বালিজুড়ি খ্রিস্টানপাড়ায় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কেটে ফেলা আদিবাসীদের সবজি ও সুপারি বাগানসহ বসতবাড়ি পরিদর্শন করেছেন ঢাকা থেকে আসা নাগরিক সমাজের প্রতিনিধি দল। পরে ২৪ আগস্ট মঙ্গলবার দুপুরে আদিবাসীদের ফসল কাটার প্রতিবাদে বন বিভাগের বিরুদ্ধে শেরপুর শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নাগরিক সমাজের প্রতিনিধি দল।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জোবাইদা নাছরিন কনা ক্ষতিগ্রস্ত ৫টি গারো পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানান। সেইসাথে সামাজিক বনায়ন, ইকোপার্কের নামে আদিবাসীদের উচ্ছেদ প্রক্রিয়া বন্ধের দাবি জানান।
সংবাদ সম্মেলনে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফারহা তানজীম তিতিল, আদিবাসী ফোরামের ভূমি ও আইন বিষয়ক সম্পাদক উজ্জল আজিম, এলআরডি প্রতিনিধি এ্যাডভোকেট বুলবুল আহম্মেদ, আদিবাসী নারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক চঞ্চনা চাকমা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, নাগরিক সংগঠন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাকিম বাবুল, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মৃ, কানেং ফাউন্ডেশনের প্রতিনিধি অনন্যা চাকমা, কবি পরাগ রিছিল, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম, ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ইমরান আহমেদ ও অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিনিধিদল সরেজমিনে বালিজুড়ি খ্রিস্টানপাড়ায় ক্ষতিগ্রস্তদের ফসল বাগান ও বাড়ি পরিদর্শন শেষে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও বন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন। সেইসাথে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানসহ তাদের নিরাপত্তা প্রদানের দাবি জানান।









