শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের নবনির্মিত ভূমি অফিস ভবন উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। ২৪ আগস্ট মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসেবে ওই ভবনের উদ্বোধন করেন তিনি।

ভূমি অফিস উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভূমি সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই সরকার প্রতিটি ইউনিয়নে মানসম্পন্ন নতুন ভূমি অফিস নির্মাণ করছেন। জেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে এ রকম ঝকঝকে ভূমি অফিসের মাধ্যমে মানুষকে মানসম্পন্ন ভূমি সেবা প্রদান করা হবে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার, কাকরকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুল্লাহ তালুকদার মুকুল, সাংবাদিক মান্নান সোহেল প্রমুখ।

পরে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ নবনির্মিত ভূমি অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এরপর মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫২ টি ঘর নির্মাণের জন্য ২টি জায়গা চিহ্নিতকরণ করা হয় এবং ওই জায়গাগুলো ঘুরে দেখেন জেলা প্রশাসক।









