কিরগিজস্তানে অনুষ্ঠেয় তিন জাতি টুর্নামেন্টের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ২৩ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। ২৪ আগস্ট জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে ওই দল ঘোষণা করেন। এ টুর্নামেন্ট খেলার জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দল ঢাকা ছাড়বে ২৮ অথবা ২৯ আগস্ট।
২৩ সদস্যের এ দলে এবার প্রথমবারের মতো ডাক পেয়েছেন শেরপুরের সন্তান মো. আতিকুজ্জামান। তিনি মোহামেডানের হয়ে খেলেন। আগে কয়েকবার জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেও এবারই প্রথমবারের মতো স্কোয়াডে সুযোগ পেলেন তিনি। আতিক শেরপুর শহরের চকপাঠক মহল্লার বাসিন্দা।

এদিকে আতিকুজ্জামান জাতীয় দলে সুযোগ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, আতিকের শেরপুরের কোচ সাধন বসাকসহ অনেকেই।
এছাড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলে এবার জামাল ভুইয়ার পর আরও দুই প্রবাসী খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়েছে। এরা হচ্ছেন নাইব মোহাম্মদ তাহমিদ ইসলাম ও রাহবার ওয়াহেদ খান। ১৮ বছর বয়সী তাহমিদ ফ্রান্স প্রবাসী। খেলেন ফ্রান্সের পঞ্চম স্তরের লিগের ক্লাব ভের্তুতে। আর ২৫ বছর বয়সী কানাডা প্রবাসী রাহবার খেলেন দেশটির সেমি প্রফেশনাল ওয়ান লিগ নর্থ টরেন্টো নিট্রোস ক্লাবের হয়ে। আগামী ২ সেপ্টেম্বর কিরগিজস্তানে শুরু হতে যাচ্ছে তিন জাতি এ টুর্নামেন্ট। সেখানে অবশ্য দল চারটি। কিরগিজস্তান জাতীয় দলের সঙ্গে খেলবে তাদের অনূর্ধ্ব-২৩ দলও। আসরের অপর দল ফিলিস্তিন। ৫ সেপ্টেম্বর তাদের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ।

বাংলাদেশ দল:
গোলরক্ষক: আনিসুর রহমান, শহিদুল আলম, মিতুল মারমা
রক্ষণভাগ: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, মেহেদী হাসান, আতিকুজ্জামান।
মিডফিল্ডার: মাসুক মিয়া জনি, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সাদ উদ্দিন, রাকিব হোসেন, তাহমিদ ইসলাম (ফ্রান্স প্রবাসী)
আক্রমণভাগ: বিপলু আহমেদ, মাহবুবুর রহমান, ইব্রাহিম, মতিন মিয়া, রাহবার ওয়াহেদ।




