শেরপুরের শ্রীবরদীতে ১৯ বোতল বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। ১৯ আগস্ট বৃহস্পতিবার উপজেলার মালাকোচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে শ্রীবরদী উপজেলার বালিজুড়ি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে তারা মিয়া (২৫) ও মোস্তফার ছেলে মনির (২১)।

র্যাবের এক প্রেস ব্রিফিংএ জানানো হয়, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানার নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল বৃহস্পতিবার শ্রীবরদী থানাধীন মালাকোচা গ্রামস্থ মালাকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী তারা মিয়া ও মোঃ মনিরকে ১৯ বোতল বিদেশী মদ এবং ২ টি মোবাইল সেটসহ গ্রেফতার করা হয়।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। পরে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।




