শেরপুরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের (প্লেস) শিক্ষকদের সাথে শিক্ষা ও শিক্ষকতার উপর ভাবনা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট মঙ্গলবার বিকেলে প্লেস মিলনায়তনে দিনব্যাপী আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. হাসান নাহিদ চৌধুরী।

এতে প্রধান আলোচক বক্তব্য রাখেন স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের অধ্যাপক, বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পাল। এ সময় তিনি শিক্ষার মান উন্নয়নের নিমিত্তে শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষার মান বাড়বে শিক্ষকদের গুণে। শিক্ষা সম্প্রসারণ ও জ্ঞান বিতরণের ক্ষেত্রে একজন শিক্ষক শিক্ষা ও সভ্যতার অধিকতর অগ্রগণ্য অভিভাবক। শিক্ষকেরা জাতির বিবেক। একজন শিক্ষকই একটি জাতিকে সঠিক দিকনির্দেশনা দিতে পারেন৷
প্লেসের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া। সভায় প্লেসের সকল শিক্ষকমণ্ডলী অংশগ্রহণ করেন।









