শেরপুর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক, শেরপুরের সাবেক সংরক্ষিত মহিলা এমপি এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর সার্বিক ব্যবস্থাপনায় মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাবেক এমপি শ্যামলীর পক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেছে। রবিবার শেরপুর শহরের ঢাকলহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গেন্দা কবিরাজের বাড়ী পর্যন্ত কালো পতাকা দিয়ে শোক দিবসের সূচনা করা হয়।

সকাল ৭.৩০ মিনিটে ঢাকলহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পলের মধ্য দিয়ে সাবেক এমপির পক্ষে শ্যামলী অটো রাইস মিল, শ্যামলী অটো প্লাস, সেলিম রেজা ফরিদা ইয়াসমিন অটো রাইস মিলের জেনারেল ম্যানেজার ওমর ফারুক শোক দিবসের কর্মসূচির প্রথম পর্বের উদ্ধোধন করেন। বাদ যোহর ঢাকলহাটি নুর জামে মসজিদ ও সেলিম রেজা ফরিদা ইয়াসমিন পুরাতন জামে মসজিদে ১৫ আগস্ট কালো রাত্রিতে হায়ানাদের বুলেটের আঘাতে বঙ্গবন্ধুর সাথে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। বেলা ৩টার দিকে ঢাকলহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও শ্যামলী মেশিনারীজ এর সামনে থেকে গণভোজ হিসেবে জনগণের হাতে তবারক বিতরণ করা হয়। এছাড়াও সাবেক মহিলা এমপির নির্দেশে ১৫ আগস্ট দিনব্যাপী বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে জনগণের মাঝে তবারক বিতরণের জন্য তার নিজস্ব অর্থায়ন থেকে ওয়ার্ড ও ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত নেতাকে ১ বস্তা করে চিনিগুড়া আতপ চাউল প্রদান করা হয়।
দিনব্যাপী এই কার্যক্রমে জেলা কৃষকলীগ নেতা মাহবুবুর রহমান লিটন, শ্যামলী গ্রুপ অব ইন্ড্রাষ্ট্রির ব্যবস্থাপনা পরিচালক শুভ রেজাসহ ইন্ড্রাষ্ট্রির কর্মকর্তা, কর্মচারী ও ৩নং পৌর ওয়ার্ড আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









