শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগস্ট রবিবার সকালে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট ভবন চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

পরে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু এবং চেম্বার অব কমার্স, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করার মাধ্যমে জাতীয় শোক দিবসের সূচনা করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় শোক দিবসের ভার্চুয়াল আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

এছাড়া শোক দিবস উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।




