জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে শেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। ১২ আগস্ট বৃহস্পতিবার সকালে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দের মাঝে ৫০ কেজির একটি করে চালের বস্তা ও নগদ টাকা তুলে দেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

চাল ও নগদ টাকা হস্তান্তরকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ভুট্টো, সদস্য আবুল হাসেম, পাকুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী, গাজীরখামার ইউনিয়ন চেয়ারম্যান আওলাদুল ইসলাম, ধলা ইউনিয়ন চেয়ারম্যান রইস উদ্দিন, কামারিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বারী চাঁনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে স্টল তৈরি করে গরিব-অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হবে। এছাড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে ওইদিন সকাল ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে পাঁচ শতাধিক দুস্থের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হবে। এছাড়া দুপুরে চকবাজারস্থ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণেও দুস্থ-অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হবে। এ লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।




