শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অগ্নিকাণ্ডে ও বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করা হয়েছে। ৯ আগস্ট সোমবার দুপুরে অগ্নিকান্ডে ও বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করা হয়। নালিতাবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন প্রধান অতিথি হিসেবে ওইসব অনুদান প্রদান করেন। ওইসময় অগ্নিকাণ্ডে ও বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত ৮ জনকে নগদ ১০ হাজার টাকা মূল্যের চেক দেয়া হয়। এছাড়াও ওই এলাকার দরিদ্র অসহায় ২০ জন উপজাতি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন বারমারী খ্রিস্টধর্মপল্লীর পালপুরোহিত রেভারেন্ট ফাদার তরুণ বনোয়ারী, সমাজসেবক আনোয়ারুল ইসলাম ও সেন্ট লিও জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক রোজী হামিদা প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন জানান, নালিতাবাড়ীর পাহাড়ি সীমান্ত এলাকায় বন্যহাতির তাণ্ডব অব্যাহত থাকায় ওইসব এলকায় হাতি তাড়ানোর জন্য আতংকগ্রস্তদের মাঝে ইতোমধ্যে মশাল জ্বালাতে উপজেলার রামচন্দ্রকুড়া, নয়াবিল ও পোড়াগাঁও ইউনিয়নে ২২০ লিটার কেরোসিন বিতরণ করা হয়েছে। এছাড়াও বন্যহাতির তাণ্ডবের স্থায়ী সমাধানের লক্ষ্যে গারো পাহাড়ে কলা গাছ লাগানো ও সোলার প্যানেল লাগানো হবে বলেও জানান তিনি।









