শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি বলেছেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবনের নানা সঙ্কটের সঙ্গী ও চালিকাশক্তি। তার মনটি ছিল সাধারণ বাঙালি মায়ের চেয়েও কোমল। কখনও বাঙালির অবিসংবাদিত নেতার স্ত্রী, কখনও প্রধানমন্ত্রীর স্ত্রী, আবার কখনও বা রাষ্ট্রপতির স্ত্রী হওয়া সত্ত্বেও সকল পর্যায়েই ছিলেন তিনি প্রচারবিমুখ ও নির্লোভ মহিয়সী। তিনি ৮ আগস্ট রবিবার সকালে শেরপুরে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে ওইসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপির সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও নাজিমুল হক নাজিম, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম ফাতেমা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।
পরে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের রূহের মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া পরিচালনা করেন তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মো. হযরত আলী। ওইসময় জেলা আওয়ামী লীগসহ দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









