শেরপুরের শ্রীবরদীতে আবির আজাদ (১৭) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। ৬ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলার ভায়াডাঙা বানিয়াপাড়া গ্রামের নিজ বসতঘর থেকে ওই কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়। নিহত আবির স্থানীয় আলমগীর আজাদের ছেলে ও শ্রীবরদী সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আলমগীর-মেরিনা দম্পতির ৩ মেয়ে ও একমাত্র ছেলে আবির। কিছুদিন ধরে আবির শুধু মোবাইল নিয়েই ব্যস্ত থাকতো এবং পরিবারের সদস্যদের সাথে অসংলগ্ন আচরণ করতো। পরিবারের সদস্যরা জানান, আবির কিছুদিন যাবত মোবাইল ফোনে এক মেয়ের সাথে প্রেম করতো। কিন্তু কার সাথে তা তারা জানেন না। সম্প্রতি সে এই নিয়ে পরিবারের সদস্যদের সাথে অশালীন কথাবার্তা বলতো। শুক্রবার দুপুরে বাড়িতে সে একাই ছিল। এ সময় ঘরের দরজা বন্ধ করে গলায় রশি বেধে ধর্নার সাথে ঝুলে আত্মহত্যা করে আবির।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, নিহতের মা-বাবা বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার আবেদন করেছেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





